ভিক্টোরিয়ায় লেবারের ১২ বছরের শাসনের অবসান, নতুন মুখ্যমন্ত্রী উইলসন

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৯:১৬ ৩ ভিউ
ভিক্টোরিয়ায় লেবারের ১২ বছরের শাসনের অবসান, নতুন মুখ্যমন্ত্রী উইলসন

ভিক্টোরিয়া রাজ্যে নির্বাচিত প্রথম নারী মুখ্যমন্ত্রী জেস উইলসনছবি: তাঁর ফেসবুক পেজ থেকে

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবার পার্টির টানা ১২ বছরের শাসনের অবসান ঘটেছে। স্থানীয় সময় আজ শনিবার অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে বড় জয় পেয়েছে রক্ষণশীল লিবারেল–ন্যাশনাল জোট। এর ফলে রাজ্যের ৫১তম মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন জোট নেত্রী জেস উইলসন (৩৬)।

ভিক্টোরিয়ার ইতিহাসে তিনিই প্রথম নারী, যিনি নির্বাচনে দলকে জয়ী করে মুখ্যমন্ত্রী হচ্ছেন। ভোট গ্রহণ শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসি লিবারেল–ন্যাশনাল জোটের জয় নিশ্চিত হওয়ার পূর্বাভাস দেয়। রাত সাড়ে আটটার পর পরাজয় মেনে নিয়ে উইলসনকে অভিনন্দন জানান বিদায়ী মুখ্যমন্ত্রী বেন ক্যারল।

এ নির্বাচনে শুধু ক্ষমতাই হারাননি ক্যারল, নিজের নিডরি আসনেও পরাজিত হয়েছেন। লিবারেল প্রার্থী সামান্থা বাইর্নের কাছে হেরেছেন তিনি। আসনটি ১৪ বছর ধরে তাঁর দখলে ছিল। ভিক্টোরিয়ার ইতিহাসে ক্ষমতাসীন কোনো মুখ্যমন্ত্রীর নিজের আসনে পরাজিত হওয়ার ঘটনা এটাই প্রথম।

মাত্র চার মাস আগে জাসিন্টা অ্যালানকে সরিয়ে ক্যারলকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু তাতেও লেবার পার্টির পরাজয় ঠেকানো যায়নি। স্থানীয় সময় আজ রাত সোয়া ১১টা পর্যন্ত প্রায় ৩৫ শতাংশ ভোট গণনার ভিত্তিতে পাওয়া হিসাবে, ভিক্টোরিয়ার ৮৮ আসনের নিম্নকক্ষে লিবারেল–ন্যাশনাল জোট ৫১টি আসনে জয়ী হয়েছে কিংবা সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।

সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৫টি আসন। আগের নির্বাচনে ৫৬টি আসন পাওয়া লেবার পার্টি এবার বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। প্রাথমিক হিসাবে দলটি মাত্র পাঁচটি আসনে জয়ী হয়েছে কিংবা এগিয়ে রয়েছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে জেস উইলসন ভিক্টোরিয়াকে সঠিক পথে ফিরিয়ে আনতে বছরের পর বছর কঠোর পরিশ্রম করার অঙ্গীকার করেন। মাত্র এক বছর আগে বিরোধী দলের নেতৃত্বে আসেন তিনি। নির্বাচনী প্রচারে অপরাধ দমন, জামিন আইন কঠোর করা, রাজ্যের ঋণ কমানো ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন উইলসন।

ভিক্টোরিয়ার নির্বাচনে লেবার পার্টির বিপর্যয়ের প্রভাব পড়েছে দেশটির জাতীয় রাজনীতিতেও। রাজধানী ক্যানবেরায় এই ফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ভিক্টোরিয়ার ভোটের ফল প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের নেতৃত্বাধীন কেন্দ্রীয় লেবার সরকারের জন্য বড় সতর্কসংকেত।

সংশ্লিষ্ট সংবাদ:

ভিক্টোরিয়ায় লেবারের ১২ বছরের শাসনের অবসান, নতুন মুখ্যমন্ত্রী উইলসন
0:00 / 0:00
1x