জাপানপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক, লেখক ও শিক্ষক মনজুরুল হক স্মরণীয় হয়ে থাকবেন তাঁর কর্মনিষ্ঠা, আধুনিক দৃষ্টিভঙ্গি, নীতিতে অটল থাকা ও সবার প্রতি সহযোগী মনোভাবের কারণে। প্রথম আলোর টোকিও প্রতিনিধি মনজুরুল হক গত রোববার জাপানের রাজধানী টোকিওতে নিজ বাড়িতে মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মনজুরুল হক দীর্ঘ প্রায় আড়াই দশক ধরে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং দেশটির গণসম্প্রচার কেন্দ্র এনএইচকে ওয়ার্ল্ডে কাজ করেছেন ব্রডকাস্টার হিসেবে। এছাড়া তিনি জাপানে বিদেশি সাংবাদিকদের সংগঠন ফরেন করেসপনডেন্টস ক্লাব অব জাপানের (এফসিসিজে) নেতৃত্ব দিয়েছেন এবং দেশটির শীর্ষ সংবাদপত্র মাইনিচি শিম্বুনে নিয়মিত কলাম লিখেছেন।
মনজুরুল হকের স্মৃতি স্মরণ করে জ্যেষ্ঠ নাগরিক আবদুর রহমান বলেন, তিনি ছিলেন অত্যন্ত মেধাবী লেখক, সাংবাদিক ও সজ্জন ব্যক্তি। এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের প্রধান চিকা মুরাকামি জানান, মনজু ভাই প্রায় ৩০ বছর সেখানে কাজ করেছেন এবং গত ২৮ অক্টোবর ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়মিত সংবাদ পাঠের পাশাপাশি "আমার দেখা বাংলা"সহ বিভিন্ন অনুষ্ঠানে তিনি কণ্ঠ দিয়েছেন।
এফসিসিজের সাবেক প্রেসিডেন্ট সুভেন্দ্রিনি কাকুচি ও খালদন আজহারি এবং তুরস্কের সাংবাদিক ইলগিন ইয়োরুলমাজসহ বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকেরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এনএইচকে বাংলা বিভাগের সাবেক প্রধান কাজুহিরো ওয়াতানাবে বলেন, মনজুরুল হক ছিলেন তাঁর চমৎকার পথনির্দেশক, যার সহযোগিতা ও পরামর্শ ছাড়া "আমার বাংলাদেশ" ও "রক্ত ও কাদা ১৯৭১"–এর মতো বই প্রকাশ করা সম্ভব হতো না।





