ভারতের অন্যতম দরিদ্র রাজ্য বিহারে বাহুবলী নেতা অনন্ত সিং ওরফে ‘ছোটে সরকার’-এর ছোট মেয়ে শিবাঙ্গীর বিয়েতে দেখা গেল বৈভবের নজিরবিহীন প্রদর্শনী। পাটনা জেলার মোকামা বিধানসভা কেন্দ্রের নাদোয়ান গ্রামে পাঁচ দিন ধরে চলা এই রাজকীয় আয়োজনে প্রায় ৪ থেকে ৫ লাখ অতিথির জন্য ভোজের ব্যবস্থা করা হয়েছিল।
বিয়ের মেনুতে ছিল ৩০ লাখ রসগোল্লা, ৫০ লাখ গুলাব জামুনসহ প্রায় ১৫০ রকমের পদ। এই বিপুল পরিমাণ খাবার তৈরির জন্য ৫০০ জন পাচক ভাড়া করা হয়েছিল এবং জ্বালানো হয়েছিল ৩০০টি উনুন। এমনকি মিষ্টি তৈরির দুধ সরবরাহের জন্য রান্নার এলাকায় রাখা হয়েছিল আস্ত দুধের ট্যাংকার।
ভিআইপি অতিথিদের যাতায়াতের সুবিধার্থে তৈরি করা হয়েছিল ছয়টি হেলিপ্যাড। ১০ বিঘা জমির ওপর নির্মিত মণ্ডপ সাজাতে নিউজিল্যান্ডের টিউলিপ ছাড়াও চীন ও দুবাই থেকে আনা হয়েছিল হরেক রকমের ফুল ও গাছ। বরযাত্রীদের বহরে ছিল ১৫১টি গাড়ি, যার কারণে এলাকায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিনোদনের জন্য আয়োজন করা হয়েছিল ঘোড়দৌড়ের, যেখানে বিজয়ীকে চার চাকার গাড়ি এবং রানারআপদের বাইক ও স্কুটার পুরস্কার দেওয়া হয়। এছাড়া নাচের আসরে দেদারসে টাকা ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মাটিতে পড়ে থাকা নোট ঝাড়ু দিয়ে সংগ্রহ করতে দেখা গেছে মানুষকে।
এই এলাহি আয়োজনের মধ্যমণি অনন্ত সিং বর্তমানে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে রয়েছেন। মেয়ের বিয়ের জন্য প্যারোলে মুক্তি পেলেও ১ ডিসেম্বর তাঁকে পুনরায় জেলে ফিরতে হবে। বিতর্কিত এই বিয়ের আসরে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং এবং বিজেপির সাবেক সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিংয়ের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
বিহারের মতো দরিদ্র রাজ্যে এমন বিপুল অর্থের অপচয় নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এবং গার্ডিয়ানেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিরোধীরা এই বিপুল ব্যয়ের উৎস নিয়ে তদন্তের দাবি তুলেছেন। তবে অনন্ত সিংয়ের দাবি, তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষই তাঁর ঈশ্বর এবং তাঁদের জন্যই এই আয়োজন।








