সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রিয়াদ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত রিয়াদ টাওয়ারে এ হামলায় ১১ জন আহত হয়েছেন। রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর।
সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৯ জন বিদেশি ও ২ জন সৌদি নাগরিক। বিদেশিদের মধ্যে চারজন মিসরীয়, তিনজন নেপালের ও দুজন ভারতের নাগরিক। হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কিছু ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ।
মঙ্গলবারের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় ছয় দেশের জোট জিসিসি। এর আগে ১৯ নভেম্বর রিয়াদে একই এলাকায় হামলা চালিয়েছিল হুতিরা। গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো নিশানা করে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।







