অন্য দুনিয়া একটি তিমিকে কেন্দ্র করে কী ধরনের অবিশ্বাস্য ঘটনাপ্রবাহ তৈরি হতে পারে, তার এক নজির তৈরি হয়েছে জার্মানিতে। গত ৩১ মার্চ দেশটির বাল্টিক সাগরের পোয়েল দ্বীপের উপকূলে আটকা পড়ে প্রায় ১২ মিটার লম্বা এক হ্যাম্পব্যাক তিমি। শুরুতে পুরুষ ভাবা হলেও পরে জানা যায়, সেটি স্ত্রী তিমি এবং কৌতুকাভিনেতা হাপে কেরকেলিংয়ের দেওয়া নাম অনুসারে প্রাণীটির নাম দেওয়া হয় টিমি।
বাল্টিক সাগরের কম লবণাক্ত পানিতে দীর্ঘদিন আটকে থাকায় টিমির সারা শরীরে ক্ষতের সৃষ্টি হয়। দেশটির সমুদ্রবিজ্ঞানী ও পরিবেশ মন্ত্রণালয় পরীক্ষা করে জানায়, তিমিটি অত্যন্ত দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে এবং অগভীর এই খাঁড়ি থেকে উদ্ধার করতে গেলে প্রাণহানির ঝুঁকি রয়েছে। তাই বিশেষজ্ঞরা তিমিটিকে প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং বিজ্ঞানীদের খুনি আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করে।
পরিস্থিতি দেখে জার্মানির দুই ধনকুবের কারিন ওয়াল্টার-মমার্ট ও ওয়াল্টার গুনজ প্রায় ২০ লাখ ইউরোর ব্যক্তিগত তহবিল দিয়ে একটি উদ্ধারকারী দল গড়ে তোলেন। জনতার তীব্র চাপে সরকারও শেষমেশ বেসরকারি দলটিকে উদ্ধারকাজ চালানোর অনুমতি দেয় এবং দলের সদস্যরা টিমির শরীরে মলম মেখে ও গান গেয়ে তাকে শান্ত রাখেন। শেষমেশ ২৮ এপ্রিল একটি জাহাজের সঙ্গে যুক্ত নিমজ্জিত কাঠামোতে এটিকে তুলে উত্তর সাগরের দিকে নেওয়া হয় এবং ২ মে তাকে সাগরে ছাড়ার সময় লেজে দড়ি বেঁধে টেনে ফেলার অভিযোগ ওঠে।
পরবর্তী সময়ে জার্মানির পরিবেশ মন্ত্রণালয় জানায়, ৬ বা ৭ মে তিমিটির মৃত্যু হয় এবং প্রায় ২১৫ কিলোমিটার দূরে ডেনমার্কের আনহোল্ট দ্বীপের সৈকতে প্রাণীটির মৃতদেহ ভেসে ওঠে। তার কিছু হাড় কোপেনহেগেনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে নেওয়া হয় এবং বাকি অংশ থেকে জৈব জ্বালানি ও সিমেন্ট উৎপাদনের উপকরণ তৈরি করা হয়।
টিমিকে বাঁচানোর অভিযান শেষ হলেও বিতর্ক থামেনি এবং উদ্ধারকাজের বিপুল ব্যয় ও সমুদ্রে ছাড়ার অদক্ষ পদ্ধতি নিয়ে উদ্যোক্তাদের মধ্যে এখন আইনি বিরোধ চলছে। বন্য প্রাণীর প্রতি ভালোবাসা যখন বিজ্ঞানের পরামর্শ ভুলে অন্ধ আবেগ আর গুজবে রূপ নেয়, তখন যে কী হতে পারে, টিমির করুণ পরিণতি তারই এক উদাহরণ।





