সাতক্ষীরার আশাশুনিতে বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান সম্পন্ন

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ১০:০০ ৩ ভিউ
সাতক্ষীরার আশাশুনিতে বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান সম্পন্ন

প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে আজ বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট’র উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোয়ালকাঠি ও মাদারবাড়িয়া গ্রামে ১ হাজার ৭১৭টি পশু-পাখিকে এই টিকা প্রদান করা হয়। এর মধ্যে ২৭০টি ছাগল, ৪৭টি ভেড়া, ১শ’টি গরু, ৫৫০টি হাঁস এবং ৭৫০টি মুরগি রয়েছে।

টিকাদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, প্রকল্পের প্রতিনিধি আসাদুল হাসান ও মো. হেদায়েতুল্লাহ খান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডা. আব্দুস সালাম বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সময়মতো টিকা দেয়া হলে পশু-পাখির রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি থেকেও সুরক্ষা দেয়া সম্ভব। আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে প্রাণিসম্পদ অনেক পরিবারের জীবিকা ও আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য গবাদিপশু ও হাঁস-মুরগি পালন পারিবারিক আয় বৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু বিভিন্ন সংক্রামক রোগ ও প্রতিকূল পরিবেশের কারণে এসব প্রাণিসম্পদ প্রায়ই ঝুঁকির মুখে পড়ে।

এরই বাস্তবতায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি স্থানীয় খামারি ও প্রান্তিক পরিবারের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। এ উদ্যোগের মাধ্যমে পশু-পাখির রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে প্রাণিসম্পদ পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতির ঝুঁকি কমাতে এবং তাদের জীবিকা সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।

এরই ধারাবাহিকতায় এ টিকাদান কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের প্রাণিসম্পদ সুরক্ষা,পশু-পাখির রোগ প্রতিরোধ এবং খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতির ঝুঁকি কমানোর পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। একই সঙ্গে এ উদ্যোগ উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা উন্নয়নে সহায়ক হবে। ফ্রেন্ডশিপের এএসডি-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান বাসস’কে বলেন, ফ্রেন্ডশিপ উপকূলীয় এলাকার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জীবিকার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় সহায়তার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সাতক্ষীরা, ২৭ নভেম্বর,২০২৬ (বাসস)।

সংশ্লিষ্ট সংবাদ:

সাতক্ষীরার আশাশুনিতে বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান সম্পন্ন
0:00 / 0:00
1x