বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসতবাড়িতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম এ তথ্য জানান। এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এর আগের দিন ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজের পেছনে অবস্থিত মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের দোতলা বসতবাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত করার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চালিয়ে শরীফুল ইসলাম শামীম ও মাহমুদুন নবী নামে দুজনকে গ্রেফতার করা হয় এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরহাট থানার মূলঘর এলাকায় নিজ ভাড়া বাসা থেকে মেহেদী হাসান রাসেল নামে অপর একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শরীফুল ইসলাম শামীমের হেফাজত থেকে ঘটনার ভিডিও ধারণ করা একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মেহেদী হাসান রাসেলের হেফাজত থেকে ঘটনার কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার তিনজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য এবং তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। বাগেরহাট থেকে ২৬ নভেম্বর, ২০২৬ তারিখে বাসস এ সংবাদ পরিবেশন করে।








