দিনাজপুরের সদর উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৯ বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বুধবার রাত সাড়ে ৭টায় বড়গ্রাম বিওপির সীমান্ত এলাকার ভাতখৈর নামক স্থানে কয়েকজন মাদককারবারিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহল দল তাদের আটকের চেষ্টা করলে মাদককারবারিরা একটি পোটলা ফেলে রেখে পুনরায় ভারতের সীমানায় পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা পোটলাটির ভেতর থেকে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও আটক করতে বর্তমানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।








