চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, হত্যাকারীদের কোনো রাজনৈতিক দল, ধর্মীয় পরিচয় কিংবা অন্য কোনো পরিচয়ে আড়াল করার সুযোগ নেই। অপরাধী যে-ই হোক, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে হত্যাকারী হিসেবেই চিহ্নিত করতে হবে।
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল, স্মরণসভা এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ দুই বছরেও এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা চিহ্নিত হয়ে কারাগারে রয়েছে। এখন দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ কেবল একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সম্মুখসারির একজন সাহসী কর্মী। গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আইনজীবী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








