সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয় এবং দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।
মিছিল শেষে শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করা হলেও ছাত্রলীগ সারা দেশে জ্বালাও-পোড়াও ও অপকর্ম শুরু করেছে। তাদের এসব কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ নেই এবং কুবি ছাত্রদলের সব নেতাকর্মী ২৪ ঘণ্টাই তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসের ভেতরে বা আশপাশে নিষিদ্ধ সংগঠনগুলোর কাউকে হাতেনাতে ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো অন্যায়ের জন্য ন্যূনতম অপরাধবোধ না থাকলে বাড়াবাড়ি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপতৎপরতা দেখা গেলেই প্রথমে প্রতিহত করে পরে পুলিশে সোপর্দ করা হবে।








