জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ বলেছেন, শ্রমিকের ন্যায্য মজুরির পাশাপাশি শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারও নিশ্চিত করতে হবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। শিল্পের সক্ষমতা ও রাষ্ট্রের দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্প শুধু রপ্তানি আয়ের প্রধান উৎস নয়, প্রায় ৪০ লাখ মানুষের জীবন-জীবিকার সঙ্গে যুক্ত। শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্মসংস্থান টিকিয়ে রাখা জাতীয় স্বার্থের অংশ। বর্তমান শ্রমিক অসন্তোষকে শুধু ষড়যন্ত্র বা আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।
মজুরি বোর্ডের মাধ্যমে জীবনযাত্রার ব্যয় ও শিল্পের বাস্তব সক্ষমতা বিবেচনা করে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানান তিনি। শ্রমিকদের বকেয়া বেতন, অন্যায় ছাঁটাই ও ব্ল্যাকলিস্টিং বন্ধ করার আহ্বান জানান এই নেতা। এছাড়া সহিংসতা ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
সরকার, শ্রমিক, মালিক ও আন্তর্জাতিক ক্রেতাদের দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দেন জুনায়েদ। শ্রমিক ও মালিককে পরস্পরের প্রতিপক্ষ না বানিয়ে একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। শ্রমিকের ন্যায্য মজুরি এবং শিল্পের টেকসই সক্ষমতা উভয়ই অর্থনীতির জন্য অপরিহার্য বলে তিনি জানান।


