জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিল্লির কোনো ধরনের আধিপত্য বাংলাদেশ মেনে নেবে না। আজ শুক্রবার চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাতীয় ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিলেও জুলাই সনদ বাস্তবায়ন না করা সরকারই ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায় সংসদীয় আসনের সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রত্যাখ্যান করা যায় না। জাতীয় ঐক্য চাইলে সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, দেশের শিল্পমালিকরা প্রায়ই বলেন শিল্প বাঁচলে দেশ বাঁচবে, তবে শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের ন্যূনতম অধিকার, দুবেলা খাবার ও চিকিৎসার নিশ্চয়তা দিতে পারে না এমন শ্রমনীতি প্রত্যাখ্যান করতে হবে। ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার ওপরও জোর দেন তিনি।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে এবং সরকারের দায়িত্বশীল পদে থাকা কারও কারও বিরুদ্ধে এসব ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। দেশের স্বার্থ উপেক্ষা করে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার সক্ষমতা অর্জনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।








