আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা কর্মী সম্মেলন সফল করতে প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখা। এ লক্ষ্যে শুক্রবার সাভারে স্থানীয় একটি মিলনায়তনে জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব বিভাগের সভাপতি আ. রহীম মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ কায়েম করা সম্ভব নয়। ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, তিনি বলেছেন, তারা নাকি বাংলাদেশ দখল নেবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের কিছু ঘটলে বাংলাদেশের সাধারণ জনগণ এর যথোপযুক্ত জবাব দেবে। সরকারের সমালোচনা করে তিনি জানান, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন এমপি এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। মুহাম্মদ কামাল হোসাইন আগামী ১২ ডিসেম্বরের জেলা কর্মী সম্মেলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা বিভাগের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, কর্মীদের সমন্বয় এবং সম্মেলনস্থলে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা আবদুর রউফ, নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদের সদস্য কবিরুজ্জামান, মীর আতাউর রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমির মো. ইলিয়াসসহ স্থানীয় নেতাকর্মীরা। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে জামায়াতে ইসলামী একবিন্দুও ছাড় দেবে না উল্লেখ করে নেতারা কর্মী সম্মেলন সফল করতে সংগঠনের নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।








