নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানি, বিএনপি সরকারের মানবাধিকার পরিস্থিতি, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। অনুষ্ঠানে তিনি একদিকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন, অন্যদিকে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে আটক ও মানবাধিকার সুরক্ষা দুর্বল করার অভিযোগ তুলে ধরেছেন। পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দীর্ঘদিনের বিরোধ ভুলে দেশের ভবিষ্যতের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ গত দুই বছরে এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যা অনেক দেশ ২০ বছরেও দেখে না বলে মন্তব্য করেন হ্যারি কে টমাস। তিনি বলেন, ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের হিসাব উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের সংঘর্ষে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাদের অনেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারান। তবে সহিংসতার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। টমাসের ভাষ্য অনুযায়ী, ওই সময় ৪৪ পুলিশ সদস্য নিহত হন। তাদের অনেককে পুলিশ স্টেশনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ দিতে হয়। এ ছাড়া অন্য নিরাপত্তা বাহিনীর আট সদস্যও নিহত হন। তাঁদেরও স্মরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে হ্যারি কে টমাস হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য উদ্ধৃত করেন। তিনি বলেন, সংস্থাটির মতে, বিএনপি সরকার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত ব্যক্তিদের নির্বিচারে আটক করেছে এবং মানবাধিকার সুরক্ষার ব্যবস্থা দুর্বল করেছে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দমন-পীড়নের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেও সংস্থাটির উদ্ধৃতি দেন তিনি। টমাস বলেন, ২০২৪ সালে নিহত ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রমাণ ও ন্যায়সংগত বিচারের ভিত্তিতে হওয়া উচিত। অভিযোগ ছাড়াই কাউকে আটক রাখার মাধ্যমে বিচার করা উচিত নয়।
নতুন সরকার যে অর্থনীতি পেয়েছে, তা সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। বিশ্বব্যাংকের পূর্বাভাস উল্লেখ করে তিনি বলেন, চলতি বছর ও আগামী বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। মূল্যস্ফীতি প্রায় ৮ দশমিক ৫ শতাংশে আটকে রয়েছে, অথচ মজুরি সেই অনুপাতে বাড়েনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর নতুন করে প্রায় ২১ লাখ বাংলাদেশি দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন। ব্যাংক খাতও চাপের মধ্যে রয়েছে। মোট দেশজ উৎপাদনের তুলনায় কর রাজস্বের পরিমাণ মাত্র ৮ থেকে ৯ শতাংশ, যা বিশ্বের অন্যতম নিম্ন হার।







