রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে দেশের জনগণ এবং জনগণের সিদ্ধান্তের একমাত্র উপায় হচ্ছে গণভোট। দেশের জনগণ নিষিদ্ধ চায় কি নাÑএমন প্রশ্নে গণভোটের আয়োজন করলে জনগণের রায়েই সিদ্ধান্ত চলে আসবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সাহাবুল হক বলেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি নতুন নয়। চব্বিশের গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার ক্ষমতাচ্যুত হলে দেশজুড়ে এ দাবি ওঠে এবং তখন কিছু রাজনৈতিক শক্তি এর বিপক্ষে অবস্থান নেয়।
জুলাই হত্যাকাণ্ড, গুম-খুনের অভিযোগ এবং সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে। দেশের ভেতরে সহিংসতা ও নাশকতার অভিযোগের পাশাপাশি বিদেশের মাটিতে দলটির নেতাকর্মীদের একের পর এক হামলা-সন্ত্রাসে জড়ানোর পরিপ্রেক্ষিতে এ দাবি সামনে এসেছে। ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকেও ফ্যাসিবাদী দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধের কথা বলা হচ্ছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি। দলটির কর্মকাণ্ডের মধ্য দিয়েই তা প্রমাণ হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টসহ দেশে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত আওয়ামী লীগের লাগাম টানতে তাদের রাজনীতি থেকে পুরোপুরি দূরে রাখা দরকার।
সন্ত্রাসবিরোধী আইনের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত বছরের ১২ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর আগে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হয় এবং দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনও সংশোধন করা হয়। ইতোমধ্যে এক মামলায় সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের দলগত দায় তদন্তাধীন।








