ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে শতবর্ষী একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় দায়ের করা আদালত অবমাননার আবেদন সরাসরি শুনতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি. মোহনার বেঞ্চ আবেদনটি শুনানিতে না নিয়ে নথিপত্র পরবর্তী ব্যবস্থার জন্য এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সাহারানপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাছের মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়। আবেদনকারীর আইনজীবী ফোজিয়া রহমান আদালতে দাবি করেন, এই পদক্ষেপ ২০২৪ সালের নভেম্বরে দেওয়া সুপ্রিম কোর্টের বুলডোজার উচ্ছেদ সংক্রান্ত নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন। উত্তর প্রদেশের মুখ্য সচিব শশী প্রকাশ গোয়েলের বিরুদ্ধে ইমরান আহমদ নামের এক ব্যক্তি অবমাননার এই আবেদনটি করেছিলেন।
শুনানিকালে প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, ঘটনার বিস্তারিত তথ্য ও আবেদনকারীর অধিকার আগে হাইকোর্টে প্রতিষ্ঠা করতে হবে। অন্যদিকে প্রশাসন জায়গাটি সরকারি জমি দাবি করলেও স্থানীয় সংসদ সদস্য ইমরান মাসুদের ভাতিজা আইনজীবী হামজা মাসুদ ১৮৯৬ সালের ফারসি বিক্রয় দলিল উপস্থাপন করেন। তিনি জানান, ১৯১০ সালের দিকে একটি ব্যক্তিমালিকানাধীন আমবাগানে মসজিদটি তৈরি হয়েছিল।
এদিকে ভারতের ওড়িশার কোরাপুট জেলার পেট্রাগুডা গ্রামে ‘পেন্টেকোস্টাল বিরশেবা চার্চ’ নামের পাঁচ বছরের পুরোনো একটি গির্জা উগ্র হিন্দুত্ববাদীদের হামলার শিকার হওয়ার পরদিনই তা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। জমিটির মালিকানা দাবি করা স্থানীয় খ্রিষ্টান বাসিন্দা দুর্জন হরিজন থানায় হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দিলেও প্রশাসন উল্টো স্থাপনাটি ভেঙে দেয়। তবে পুলিশ দাবি করেছে, অনুমতি ছাড়াই সরকারি জমিতে গির্জাটি নির্মাণ করা হয়েছিল।








