নিজের ও পরিচিতজনদের বিভিন্ন পণ্য অনলাইনে বিক্রির উদ্দেশ্যে ফেসবুকে পেজ খোলেন রাজধানীর নয়াপলটনের গৃহবধূ আফছানা। কিন্তু হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করে নানা অশ্লীল ছবি ও ভিডিও আপলোড করে। পেজটি ফিরে পেতে তিনি ২০২৩ সালের ১৬ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ১০৪৬। জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই পারভেজ ভূঁইয়াকে। জিডির পর কোনো আপডেট জানায়নি পুলিশ, একবারের জন্য কেউ খবরও নেয়নি। এসআই পারভেজ বলেন, আমরা জিডিটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠিয়ে দিয়েছি। কিন্তু ডিবি কার্যালয়ে খবর নিয়ে ওই জিডির কোনো আপডেট পাওয়া যায়নি।
একই এলাকার বাসিন্দা আলাউদ্দিন জানান, গত ১৫ মার্চ তার আইফোন হারিয়ে যায়। সেদিনই শাহবাগ থানায় জিডি (নম্বর ১০৬১) করেন। সেই জিডির কপি পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে মোবাইল ফোনটি উদ্ধারের জন্য অনুরোধ করেন। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও থানা থেকে কেউ একবারের জন্যও খবর নেয়নি বা মোবাইল উদ্ধারের চেষ্টার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুনে দেশের বিভিন্ন থানায় এক লাখ ৮৫ হাজার ৮৮৭টি জিডি হয়েছে। এর মধ্যে অনলাইনে এক লাখ ১১ হাজার ৯৪২টি এবং থানায় সশরীরে হাজির হয়ে ৭৩ হাজার ৭০৩টি জিডি হয়। ওই মাসে অনলাইনে জিডির হার ছিল ৬০ শতাংশ।
বর্তমান সরকারের প্রথম ৯ মাসে শুধু অনলাইনে ১৫ লাখ ৬৩ হাজার ৩৫৩টি জিডি করা হয়েছে। এর বাইরে বিপুল সংখ্যক জিডি হয়েছে থানায় সশরীরে হাজির হয়ে। পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা জানান, প্রতিমাসে গড়ে অনলাইন ও সশরীরে হাজির হয়ে বিভিন্ন থানায় ভুক্তভোগী মানুষ প্রায় দুই লাখ জিডি করে। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, দেশে বর্তমানে ৬৫৪টি থানাতেই জিডি হয়। কিন্তু জনবল সংকট ও নানা সীমাবদ্ধতায় পুলিশ এত বিশাল সংখ্যক জিডি তদন্ত করতে পারে না। এসব জিডির তদন্তে প্রত্যেকটি থানায় একটি করে ‘জিডি তদন্ত ডেস্ক’ চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে প্রথমে মডেল থানাগুলোকে বেছে নিয়ে পাইলট প্রকল্প করার পরামর্শ দিয়েছেন তারা।
প্রায় তিন বছর আগে থানায় জিডি করেও কোনো প্রতিকার পাননি রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা জিয়াউল হক। তিনি আমার দেশকে জানান, বাংলা হাইকেট প্রপার্টিজ লিমিটেড নামে ডেভেলপার প্রতিষ্ঠানে একটি ফ্ল্যাট বুকিং দেন তিনি। ডেভেলপার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আল আমিন গোলাম মইন উদ্দিন আহমেদ মাসুম নানা অজুহাতে তার কাছে অতিরিক্ত অর্থ দাবি করতে থাকেন। কয়েকবার অতিরিক্ত অর্থ দেওয়ার পরও মাসুমের লোভ থামছিল না। বরং তার নামে বুকিং দেওয়া ফ্ল্যাট বেশি দামে অন্যজনের কাছে বিক্রির অপচেষ্টা করেন। নিরুপায় হয়ে জিয়াউল প্রতিকার চেয়ে খিলগাঁও থানায় জিডি করেন। কিন্তু পুলিশ কোনো তদন্ত করেনি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করেনি।
এ বিষয়ে পুলিশকে বারবার অনুরোধ করলে খিলগাঁও থানার তৎকালীন ওসি আদালত থেকে অনুমোদন আনার পরামর্শ দেন জিয়াউলকে। তিনি আদালতে গিয়ে আর্জি দেন। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি শুনে খিলগাঁও থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরও পুলিশ বিষয়টি তদন্ত করেনি। পরে পুলিশ জানায়, ‘থানায় করা জিডির নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না।’ জিয়াউল বলেন, আমি থানায় জিডি করলেও তিন বছরের বেশি সময়েও কোনো প্রতিকার বা তদন্ত কার্যক্রম দেখতে পাইনি। এভাবে প্রতিনিয়ত বিভিন্ন থানায় জিডি করে প্রতিকার বা তদন্তের আশায় থাকেন ভুক্তভোগীরা। কিন্তু পুলিশের কাছ থেকে আশানুরূপ প্রতিকার পাওয়া যায় না।
তবে বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে, তারা জিডির বিষয়বস্তু ও গুরুত্ব অনুযায়ী তদন্ত করে থাকে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা আমার দেশকে বলেন, সারা দেশের থানাগুলোতে প্রতিনিয়ত বিপুল সংখ্যক জিডি হয়। এসব জিডির বিষয়বস্তু ও আনুপাতিক গুরুত্ব অনুধাবন করে পুলিশ তদন্ত করে থাকে। বিশেষ করে কোনো ব্যক্তি বা শিশু নিখোজের জিডিগুলো অধিকতর গুরুত্বসহকারে তদন্ত করে পুলিশ। আমল-অযোগ্য কিছু জিডির তদন্ত করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়। পুলিশ আদালতের অনুমতি নিয়ে সব জিডির তদন্ত করে থাকে।








