ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে দেশটির নৌবাহিনী। এমভি স্টার লাইন নামের এই জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল বলে জানা গেছে।
গত ৭ নভেম্বর নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে জাহাজটিকে থামায়। বেতার যোগাযোগে কোনো সাড়া না দেওয়ায় তল্লাশি শুরু করা হলে বিপুল পরিমাণ রাসায়নিকের সন্ধান পাওয়া যায়।
কর্তৃপক্ষ জানায়, জাহাজে থাকা ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে। এছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গত ২০ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃত সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অক্সিডাইজার। এটি সাধারণত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।





