অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে সংখ্যালঘু কার্ড নিয়ে নতুন করে মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। ভারতের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে দলটি।
সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলার ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত হিন্দু বাড়িতে হামলার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। অথচ ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোর অনুসন্ধানে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অনেক ছবি ও ভিডিও নড়াইলের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়, বরং সেগুলো চট্টগ্রামের মিরসরাই ও ঢাকার মহাখালীর অগ্নিকাণ্ডের পুরনো দৃশ্য।
স্থানীয় হিন্দু নেতারাও শত শত বাড়িঘরে হামলার দাবি সরাসরি নাকচ করেছেন। কালিয়া পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, শুধু আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, কিন্তু হিন্দু সম্প্রদায়ের অন্য কোনো বাড়ি আক্রান্ত হয়নি। বেন্দারচরে যেসব বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না বলেও তারা নিশ্চিত করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পশ্চিমা বিশ্ব ও ভারতের সহানুভূতি পাওয়ার লক্ষ্যে আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অতীতেও দীর্ঘ শাসনামলে বিভিন্ন সময় সংখ্যালঘু নির্যাতন ও সম্পত্তি দখলের অসংখ্য ঘটনায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নাম জড়িয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে।





