এবারের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে অনুত্তীর্ণদের মধ্য থেকে ৫,৫৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে ১,৬২০ শিক্ষার্থী নতুন করে জিপিএ ৫ পেয়েছেন এবং ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নকালেও আগের ঘোষিত ফলে বেশ বড় ধরনের পরিবর্তন এসেছিল।
ফলের এই বিরাট পরিবর্তনে এসএসসি ও এইচএসসির উত্তরপত্র যাচাইয়ের মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারাও গভীরভাবে চিন্তিত রয়েছেন। পরীক্ষকদের দুর্বলতা এবং সময়স্বল্পতাসহ নানা সমস্যার কথা তুলে ধরে সংশ্লিষ্টরা নম্বর দেওয়ার ইনডিকেটর নির্ধারণের কথা বলেছেন।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২.১২ শতাংশ। এই ফলাফলে অসন্তুষ্ট হয়ে দুই লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জানান। পরে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আলোচনার সৃষ্টি হয়।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষক না থাকায় দক্ষ পরীক্ষকের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে পরীক্ষক নিয়োগে তদ্বির এবং অনভিজ্ঞ শিক্ষকদের খাতা দেখার দায়িত্ব দেওয়ার মতো বিষয়গুলো খাতা মূল্যায়নের মানকে মারাত্মকভাবে ব্যাহত করছে।







