নিত্যপণ্য আমদানির নতুন উৎস হচ্ছে পাকিস্তান

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ২:৪৫ ৫ ভিউ
নিত্যপণ্য আমদানির নতুন উৎস হচ্ছে পাকিস্তান

দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং আমদানি উৎস বাড়ানোর লক্ষ্যে পাকিস্তানের বাজারের দিকে নজর দিচ্ছে সরকার। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২৯ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

আগামী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির উপস্থিত থাকবেন। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার স্বাক্ষর করবেন। এই উদ্যোগের আওতায় রয়েছে কৃষিভিত্তিক পণ্য আমদানি ও রপ্তানি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে পণ্য পাওয়া গেলে পাকিস্তান থেকে তা আমদানি করা হবে। এমওইউ স্বাক্ষরের পর পাকিস্তান পণ্যের মূল্য প্রস্তাব করবে এবং দরকষাকষির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সমঝোতার তালিকায় থাকা পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, গম, আলু, চিনি, তেল, পেঁয়াজ, ছোলা, সার, চা, আম ও আনারস।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর ওপর জোর দিচ্ছে ঢাকা। আগামী ১ ও ২ ডিসেম্বর ইসলামাবাদে দুদেশের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের প্রথম বৈঠকে শুল্ক ও শুল্কবহির্ভূত বাধা দূর করার প্রস্তাব দেওয়া হবে। বিশেষ করে ওষুধ ও খাদ্যপণ্যের বাজারে প্রবেশাধিকার এবং কাস্টমস প্রক্রিয়া সহজ করার বিষয়গুলোতে গুরুত্ব দেবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:

নিত্যপণ্য আমদানির নতুন উৎস হচ্ছে পাকিস্তান
0:00 / 0:00
1x