সুদূর যুক্তরাষ্ট্রে অর্ধশতাব্দী ধরে বসবাস করলেও জন্মমাটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী দন্তচিকিৎসক ডা. মো. ওয়াদুদুজ্জামান ভূঁইয়া। শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সহায়তা এবং নানামুখী মানবিক কাজের মাধ্যমে নিজ এলাকায় তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
১৯৫৪ সালে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামে জন্মগ্রহণ করেন ডা. ওয়াদুদুজ্জামান। তার বাবা মৌলভী মো. আবেদ উল্লাহ ভূঁইয়া এবং মা রৈশান আরা বেগম। দেশে চিকিৎসাশাস্ত্রে ডিডিএস ডিগ্রি অর্জনের পর ১৯৭৭ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নিউ ইয়র্কে প্রায় ৩৩ বছর দন্তচিকিৎসক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর জীবনেও তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ২০০৯ সালে তিনি ‘ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে ট্রাস্টে রূপ নেয়। এই ট্রাস্টের মাধ্যমে গত ১৭ বছরে প্রায় ১ হাজার ৫০০ মেধাবী শিক্ষার্থীকে প্রায় ৭২ লাখ টাকা বৃত্তি দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, ভবন নির্মাণ ও শিক্ষকদের বেতন বাবদ প্রায় ৭২ লাখ এবং ব্যক্তি ও সামাজিক সংগঠনে প্রায় ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
চলতি বছর এসএসসিতে উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ জন গোল্ডেন জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীকে ৩ লাখ ৩৮ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি দেশ-বিদেশে অধ্যয়নরত মেডিকেল, তথ্যপ্রযুক্তি ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থীকে ৩ লাখ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরও ৫ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে উচ্চশিক্ষার জন্য এক শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা’র প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও অসহায় ও শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসা, কৃত্রিম অঙ্গ সংযোজন ও কর্মসংস্থানে কাজ করছেন তিনি। সংস্থাটির সহায়তায় কৃত্রিম পা পেয়ে বক্তারপুর ইউনিয়নের শিপন মিয়া পরবর্তীতে জাতীয় অ্যামপিউটি ফুটবল দলে জায়গা করে নেন। অনুভূতি প্রকাশ করে শিপন মিয়া বলেন, ‘কালীগঞ্জ কল্যাণ সংস্থা শুধু আমাকে কৃত্রিম পা লাগিয়ে দেয়নি, আমাকে নতুন জীবন দিয়েছে।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, মানুষের জীবনের সার্থকতা শুধু নিজের এগিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যদের এগিয়ে নেওয়ার মধ্যে এর প্রকৃত সার্থকতা রয়েছে। ওয়াদুদুজ্জামান ভূঁইয়া প্রবাসে প্রতিষ্ঠিত হলেও জন্মভূমির মানুষের কল্যাণে তার ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করে, মানুষের সঙ্গে শিকড়ের সম্পর্ক কখনো দূরত্ব দিয়ে মাপা যায় না।








