ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরৈয়া গ্রামের যুবক তারেক জামিল আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০১৮ সাল থেকে 'আলোকিত ব্লাড ডোনার ক্লাব' গঠনের মাধ্যমে তিনি রক্তদান, বিনামূল্যে সুন্নতে খতনা ক্যাম্প ও বন্যার্তদের সহায়তাসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২৪ বছর বয়সী তারেক নিজের বেতনের একটি অংশ ব্যয় করেন এসব মানবিক কাজে। এ পর্যন্ত তিনি নিজে ২৫ বার রক্ত দিয়েছেন এবং দুই শতাধিক রোগীর জন্য রক্তের ব্যবস্থা করেছেন। তার প্রতিষ্ঠিত সংগঠনের সদস্য সংখ্যা এখন দুই শতাধিক।
তারেক ও তার দল ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত আটটি ফ্রি সুন্নতে খতনা ক্যাম্পের আয়োজন করেছেন। এসব ক্যাম্পে সাত শতাধিক শিশুকে বিনামূল্যে খতনা করানোর পাশাপাশি উপহার হিসেবে টুপি, লুঙ্গি ও গামছা প্রদান করা হয়েছে।
শুধু চিকিৎসা নয়, বেকারদের স্বাবলম্বী করতে বাছুর উপহার দেওয়া এবং বন্যায় পানিবন্দি মানুষের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজেও তিনি সক্রিয়। এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের খাবার ও নতুন পোশাক দিয়ে সহায়তা করেন তারেক ও তার সহযোগীরা।
তারেক জামিল জানান, মানুষের কল্যাণে কাজ করতে তার ভালো লাগে এবং আমৃত্যু এই সেবা অব্যাহত রাখতে চান। স্থানীয় বাসিন্দা ও সুধীজনরা তার এই নিঃস্বার্থ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।




