এক্সপ্রেসওয়ে ও প্রধান জাতীয় মহাসড়ক নির্মাণ বা সংস্কারের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারের ওপর রাখার প্রস্তাব করা হয়েছে। এ সময়ে সড়ক ভাঙলে তার দায় ঠিকাদারকে নিতে হবে এবং কাজের মান অনুযায়ী বিল পরিশোধ করা হবে। মহাসড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালা, ২০২৬-এর খসড়ায় এসব গুরুত্বপূর্ণ প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই খসড়া তৈরি করেছে এবং বর্তমানে এর ওপর সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক এ বিষয়ে বলেন, মহাসড়ক রক্ষণাবেক্ষণের বড় ঘাটতি হলো সময়মতো নিয়মিত কাজ না করা এবং সওজ ক্ষতি বড় হতে দেয়। নতুন নীতিমালায় সারা বছর আগাম রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি পারফরম্যান্সভিত্তিক রক্ষণাবেক্ষণ চালুর তাগিদ দেন তিনি। সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, খসড়াটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে এবং বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন-সংশোধন করা হচ্ছে।
খসড়ায় একই সড়কে বারবার সংস্কার এবং সরকারি অর্থের অপচয় ঠেকাতে ডিজিটাল পদ্ধতিতে কাজের হিসাব সংরক্ষণের প্রস্তাব রয়েছে। জিআইএস পোর্টাল ব্যবহার করে সড়কের কোথায়, কখন এবং কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা যাচাই করা যাবে। এছাড়া রক্ষণাবেক্ষণ কাজকে রুটিন, পিরিয়ডিক মাইনর, পিরিয়ডিক মেজর, বিশেষ ও জরুরি—এই পাঁচ শ্রেণিতে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। ১০০ কোটি টাকার বেশি ব্যয়ের নতুন স্কিমের জন্য সম্ভাব্যতা সমীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।








