দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা কর্নার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, এই কর্নারে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও ফার্স্ট এইড বক্সসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সামগ্রী থাকবে।
নারী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্বাস্থ্যশিক্ষাকে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে এর চর্চা ও প্রয়োগ নিশ্চিত করতে এই বিশেষ কর্নারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাউশির অধীনে সারা দেশে ২০ হাজার ২৫৮টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৮৬ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী রয়েছে। সম্প্রতি ৭৪০টি প্রতিষ্ঠানে চালানো এক পরিদর্শন প্রতিবেদনে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানে মেয়েদের জন্য আলাদা ওয়াশব্লক নেই এবং অনেক ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থাগুলোও অপরিচ্ছন্ন।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানে এই কর্নার থাকা প্রয়োজন। গত ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এই কর্নার স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার দাবির প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও আনন্দ বাড়বে।





