নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সোনার বাজারে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৬০২ ডলার থাকলেও নভেম্বরে তা ৩ হাজার ৫৪৫ ডলারে নেমেছে। মাত্র ১১ মাসের ব্যবধানে মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৩৬ দশমিক ৬-৮ শতাংশ।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ এই দরপতনের অন্যতম কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন ফেডারেল রিজার্ভসহ বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। ফলে বিনিয়োগকারীরা সোনার চেয়ে সরকারি বন্ড ও ব্যাংক আমানতের দিকে বেশি ঝুঁকছেন।
দীর্ঘদিন ধরে সোনার দাম বাড়তে থাকায় অনেক বিনিয়োগকারী এখন মুনাফা তুলে নিচ্ছেন, যা বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে। তবে চীন, ভারত, রাশিয়া ও ব্রাজিলের মতো দেশগুলো ডলারের ওপর নির্ভরতা কমাতে এখনো সোনা কেনা অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই প্রবণতা দীর্ঘমেয়াদে সোনার চাহিদাকে ধরে রাখছে।
ফরাসি ব্যাংক সোসিয়েতে জেনারেলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে সোনার গড় দাম প্রতি আউন্স ৪ হাজার ৬২৫ ডলারে পৌঁছাতে পারে। এমনকি বছরের শেষ নাগাদ তা ৫ হাজার ডলার ছাড়ানোর সম্ভাবনাও রয়েছে। বর্তমান এই দরপতনকে দীর্ঘমেয়াদি গুরুত্ব হারানো নয় বরং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির জটিল সমীকরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।







