নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে ২৪২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩০ হাজার ১০৭ কোটি ২০ লাখ টাকা, যা প্রতি ডলার ১২৪ টাকা হিসেবে হিসাব করা হয়েছে। এর মধ্যে শুধু সোমবার একদিনেই এসেছে সাত কোটি ২০ লাখ ডলার বা ৮9২ কোটি ৮০ লাখ টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৯০ শতাংশ।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সামগ্রিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট এক হাজার ৩৮৯ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ২৪২ কোটি ডলার। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের এই সময়ে প্রবাসী আয় ১১ দশমিক ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।







