দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা করা হয়েছে।
এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা। বাজুস স্পষ্ট করেছে যে, এই দাম ভ্যাটসহ ধরা হলেও অলংকার কেনার সময় ক্রেতাদের নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত মজুরি পরিশোধ করতে হবে। প্রতি ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এর আগে গত ২৩ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৪৪ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬৭ বার দাম বাড়ানো হয়েছে এবং ৭৬ বার কমানো হয়েছে। নতুন দর কার্যকর হওয়ায় অলংকার কিনতে ক্রেতাদের ব্যয় আরও বাড়বে।




