চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনের অস্থিরতায় ৩১৭টি কারখানার ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের উৎপাদন ক্ষতি হয়েছে। আজ রোববার ২২ নভেম্বর বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
খাতটির প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে বিজিএমইএ গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে। সাম্প্রতিক অস্থিরতার কারণে উল্লিখিত সময়ে কারখানাগুলো সর্বনিম্ন ১ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে শুধু ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।
সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট ও বড় অঙ্কের মূল্যছাড়ের মুখোমুখি হতে হচ্ছে। জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলোর তথ্যমতে, ক্রেতারা ইতিমধ্যে তাদের নিশ্চিতকৃত অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএ মনে করে জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র কারণ ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও অধিক। শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও অনেক বেশি। দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি বলে জানিয়েছে সংগঠনটি।




