ঝকঝকে ও নিখুঁত ‘গ্লাস স্কিন’ বা কাচের মতো স্বচ্ছ ত্বকের জন্য বিশ্বজুড়ে এখন জনপ্রিয় কোরিয়ান রূপচর্চা বা ‘কে-বিউটি’। যুক্তরাষ্ট্রের সাময়িকী হারপার’স বাজার-এর এক প্রতিবেদনে ত্বকবিশেষজ্ঞ ডা. ওয়াই ক্লেয়ার চ্যাং ও রূপবিশেষজ্ঞ এরিকা চোই জানিয়েছেন, ১০ ধাপের এই রূপচর্চা কোনো কঠোর নিয়ম নয়, বরং ত্বকের ধরন বুঝে আর্দ্রতা ধরে রাখার একটি কৌশল।
এই প্রক্রিয়ার শুরুতে অয়েল ক্লিনজার দিয়ে মেকআপ ও অতিরিক্ত তেল দূর করার পর পানিভিত্তিক ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করতে হয়। কোরিয়ান পদ্ধতিতে একে বলা হয় ‘ডাবল ক্লিনজিং’। এরপর সপ্তাহে এক বা দুই দিন এক্সফোলিয়েটর ব্যবহার করে ত্বকের মৃত কোষ সরিয়ে ফেলতে হয় এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে টোনার ব্যবহার করা জরুরি।
কোরিয়ান রূপচর্চার মূল প্রাণ হলো এসেন্স, যা ত্বকের গভীরে আর্দ্রতা জোগায়। নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানে এরপর সিরাম বা অ্যাম্পুল ব্যবহার করা হয়। এছাড়া সপ্তাহে কয়েকদিন শিট মাস্ক ব্যবহার করলে ত্বক তাৎক্ষণিক সতেজ ও কোমল হয়ে ওঠে। চোখের চারপাশের সংবেদনশীল অংশের যত্নে আলাদাভাবে আই ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সবশেষে ত্বকের পুষ্টি ও আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার এবং দিনের বেলা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন ১০টি ধাপই অনুসরণ করা বাধ্যতামূলক নয়; বরং নিজের ত্বকের প্রয়োজন বুঝে মূল ধাপগুলো নিয়মিত মেনে চললেই সুস্থ ও উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।






