দুই বছরের এই মাস্টার্সে পাঁচ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজন রয়েছে। এর মধ্যে রয়েছে পোল্যান্ডের নিকোলাস কোপার্নিকাস ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব গ্রানাডা, অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস আপার অস্ট্রিয়া, ইউক্রেনের সাইমন কুজনেৎস খারকিভ ন্যাশনাল ইউনিভার্সিটি অব ইকোনমিকস আর মরক্কোর হাসান টু ইউনিভার্সিটি অব কাসাব্লাঙ্কা। আমাদের শুরুটা হয়েছিল পোল্যান্ডের তোরুন শহরে এনসিইউতে সবাই মিলে ইন্টিগ্রেশন পর্ব দিয়ে এবং সেখান থেকে আমরা গ্রানাডায় আসি।
আমার পড়াশোনা মানবসম্পদ ব্যবস্থাপনায় এবং গবেষণার আগ্রহ ডিজিটাল যুগের নেতৃত্ব নিয়ে। ইরাসমাস মুন্ডুসের একটি ক্যাটালগ থেকে প্রোগ্রাম খুঁজে নিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করেছিলাম প্রায় এক বছর আগে। আবেদনের পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হয় এবং এর জন্য সিভি, মোটিভেশন লেটার, রেকমেন্ডেশন লেটার, স্নাতকের সনদ ও ট্রান্সক্রিপ্টসহ বিভিন্ন কাগজপত্র জমা দিতে হয়।
আবেদনের পরের ধাপে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় যেখানে ডাক পান মাত্র ৮০ জন শিক্ষার্থী। জমা দেওয়া কাগজপত্রের প্রতিটি অংশ এবং সাক্ষাৎকারের নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী বাছাই করা হয়। এখানকার পড়াশোনা খুবই ভালো লাগছে এবং তত্ত্বের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছি।
যাঁরা আগামীবার আবেদন করবেন, তাঁদের বলব আগে থেকেই প্রস্তুতি শুরু করতে এবং নিজেদের সঠিকভাবে তুলে ধরতে। প্রোগ্রামটির ওয়েবসাইট খুঁটিয়ে পড়লে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাবে। সময় নিয়ে সঠিক প্রস্তুতি নিলে ইরাসমাস মুন্ডুস বৃত্তি পাওয়া নাগালের মধ্যেই সম্ভব।




