রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামসহ আশপাশের পাঁচটি গ্রামের মানুষের জন্য কোনো সরকারি বা বড় কবরস্থান ছিল না। স্থানীয় বাসিন্দাদের এই দীর্ঘদিনের সংকট কাটাতে নিজ খরচে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে একটি কবরস্থান তৈরি করে দিয়েছেন সরদার মো. ওয়াহিদুল ইসলাম রিয়াসুল।
সরেজমিনে জানা গেছে, চন্দনকোঠাসহ পার্শ্ববর্তী ঘৃত কাঞ্চন, বনগাঁ, কাঁঠালপাড়া ও আজিজপুর গ্রামে সরকারি কোনো কবরস্থান নেই। কিছু পরিবারের নিজস্ব কবরস্থান থাকলেও সেখানে দরিদ্রদের দাফনের সুযোগ মিলত না। স্বজন মারা গেলে অসহায় পরিবারগুলোকে বাড়ির পাশের বাঁশঝাড় কিংবা আঙিনাতেই দাফন করতে হতো।
মানুষের এমন অসহায়ত্বের কথা জানতে পেরে এগিয়ে আসেন রিয়াসুল। গত ২৩ নভেম্বর তানোর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল নিবন্ধন সম্পন্ন করে কবরস্থান কমিটির কাছে তা হস্তান্তর করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কবরস্থানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদেমুন্নবী বাবু চৌধুরী বলেন, ‘চন্দনকোঠাসহ আশপাশের এলাকায় কোনো সরকারি কবরস্থান বা বড় কোনো কবরস্থান ছিল না। রিয়াসুল নামে এক ব্যক্তি চন্দনকোঠা গ্রামে বড় একটি কবরস্থান তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই।’
এলাকাবাসীর পক্ষে সানোয়ার হোসেন জানান, রিয়াসুলের এমন মহৎ উদ্যোগে এলাকার সাধারণ ও দরিদ্র মানুষের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হয়েছে। এখন আর স্বজনদের দাফন নিয়ে কাউকে বিপাকে পড়তে হবে না।
৪৮ বছর বয়সী রিয়াসুল রাজশাহী নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড এলাকার বাসিন্দা। সেখানে মসজিদের বিপরীতে থাকা নিজের হার্ডওয়্যার দোকানের আয় থেকেই সংসার চালানোর পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করেন তিনি। রিয়াসুল বলেন, ‘এই এলাকায় মানুষের দাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। অনেকের নিজের জমিও নেই। বিষয়টি জানার পর মানুষের কথা চিন্তা করে জমি কিনে কবরস্থানের জন্য দান করেছি। আমার ইচ্ছা, এই এলাকার প্রতিটি মানুষ যেন মৃত্যুর পর সম্মানের সঙ্গে দাফনের জায়গা পান।’
কবরস্থান প্রতিষ্ঠার পাশাপাশি তরুণ ও কিশোরদের মসজিদে জামায়াতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে নিয়মিত বিভিন্ন আয়োজন করেন রিয়াসুল। গত বছর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদে একাধারে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করে ৪৭ জন তরুণ-কিশোর ফ্যান, ক্রেস্ট ও স্কুলব্যাগ উপহার পায়। এ ছাড়া তিনি নিয়মিত নিজ খরচে আজানসহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকেন।








