ওভারটনের রেকর্ড বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৬ | ৩:১৬ ৪ ভিউ
ওভারটনের রেকর্ড বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

জেমি ওভারটনের বিধ্বংসী বোলিং নৈপুণ্যে ঘরের মাঠে বড় হারের লজ্জায় পড়ল অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ড। এই দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ইংলিশরা।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিসবেনের গ্যাবায় টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া, যা নিজেদের মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলটির সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এদিন বল হাতে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ওভারটন। এটি তার ক্যারিয়ারসেরা পারফরম্যান্সের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে যেকোনো ইংলিশ বোলারের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড।

এর আগে অধিনায়ক মিচেল মার্শ দ্রুত আউট হলেও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও স্যাম হার্পারের আগ্রাসী ব্যাটিংয়ে প্রথম পাঁচ ওভারে ৫৫ রান তোলে স্বাগতিকরা। তবে ১৪ বলে ২৬ রান করে হার্পার আউট হতেই খেলায় ধস নামে। ওভারটনের আগুনে বোলিংয়ে ২ উইকেটে ৬৫ রান থেকে দ্রুতই ৭ উইকেটে ৯২ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত বিলি স্ট্যানলেককে বোল্ড করে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে দেন স্যাম কারান।

১০৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে ১১ বলে ৩১ রান তুলে ঝড়ো সূচনা করেন আনেইরিন ডোনাল্ড। তবে বৃষ্টির পর হ্যারি ব্রুক ৯ ও ডোনাল্ড ৩২ রানে ফিরে গেলে ৪৯ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর জর্ডান কক্সের দ্রুতগতির অপরাজিত ৩৩ রানে ভর করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।

ম্যাচ শেষে সতীর্থের প্রশংসা করে ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘সে কঠোর পরিশ্রম করেছে। নিজের বোলিং আরও সহজ ও কার্যকর করেছে। আজ তারই পুরস্কার পেয়েছে।’ অন্যদিকে হারের পর কোনো অজুহাত না দিয়ে পারফরম্যান্সের ঘাটতি স্বীকার করেন অজি অধিনায়ক মিচেল মার্শ। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি আগামী রোববার (২৯ নভেম্বর) সিডনিতে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

ওভারটনের রেকর্ড বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
0:00 / 0:00
1x