আজ মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ৬২ মাস পর ঘরোয়া ফুটবলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০০ দর্শকের উপস্থিতিতে ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।
ম্যাচে নেপালের মিডফিল্ডার এরিক বিস্তা ফর্টিসকে এগিয়ে দেওয়ার পর গোল করেন অধিনায়ক পা ওমর। এছাড়া ম্যাচের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন স্টিফেন চুকউদে।
এদিকে জাতীয় স্টেডিয়ামের বাইরে মুন্সিগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ঢাকা আবাহনী। দলটির হয়ে গোল দুটি করেছেন শেখ মোরছালিন ও আল-আমিন।
অন্যদিকে মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৮৯ মিনিটে জাফর ইকবালের করা একমাত্র গোলটি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রাম সিটি এফসি। সমান ৪ পয়েন্ট করে সংগ্রহ রয়েছে আবাহনী, ফর্টিস ও ব্রাদার্স ইউনিয়নের।







