বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সাইবার হামলার শিকার হয়েছে। হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব নামে একটি হ্যাকার গোষ্ঠী ফিফার ১২ গিগাবাইটের বেশি তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে। এই সাইবার হামলায় সংস্থাটির কিছু ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য বেহাত হয়েছে। ঘটনার পর তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে ফিফা।
আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ফিফার একজন মুখপাত্র রয়টার্সকে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার মাধ্যমে সীমিত পরিমাণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্যে অননুমোদিত প্রবেশাধিকার পেয়েছে হ্যাকাররা। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার কাছে সংরক্ষিত মোট তথ্যের শূন্য দশমিক ১ শতাংশের কম এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, কারিগরি ত্রুটির সুযোগ নেওয়ার পরিবর্তে ফিফার কর্মীদের ছদ্মবেশ ধারণ করে তথ্যভান্ডারে প্রবেশ করেছে হামলাকারীরা। বেআইনিভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে ফিফা। সংস্থাটি বলছে, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে।
ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে ফিফা। তবে ঠিক কবে এই হামলা হয়েছে এবং কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো জানানো হয়নি।








