লিওনেল মেসির দেশের সঙ্গে বাংলাদেশের ফুটবলের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। সেই সুসম্পর্কের সূত্র ধরে এবার ঢাকায় এলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিনিধিরা। তাদের তত্ত্বাবধানে আজ সকালে বাফুফে টার্ফে অনুষ্ঠিত হয়েছে বিশেষ 'ইয়ুথ ফুটবল ক্লিনিক'।
এই ব্যবহারিক প্রশিক্ষণ সেশনে খুদে ফুটবলাররা আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও তাদের আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা পায়। আন্তর্জাতিক পর্যায়ের কোচিং অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
এএফএর প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা, স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো। তারা খুদে ফুটবলারদের অনুশীলনের বিভিন্ন কৌশল হাতে-কলমে শিখিয়ে দেন।
অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।








