পাকিস্তানভিত্তিক জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ নভেম্বর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সতর্ক করে বলেছেন যে জোর করে সিন্ধু প্রদেশ ভাগ করা হলে মানুষ অস্ত্র হাতে তুলে নেবে। করাচি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন যে জোর করে প্রদেশ ভাগ করা হলে সমাজ বিভক্ত হয়ে পড়বে এবং শত্রুতা সৃষ্টি হবে। জনগণের ইচ্ছা, সংবিধান ও আইন মেনে নতুন প্রদেশ গঠনের পক্ষে পিপিপি অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১২ বা ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল গঠনের প্রস্তাবের প্রতিবাদে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়, গত রবিবার করাচিতে জিয়ে সিন্ধু রাহবার কমিটির আয়োজনে এই বিক্ষোভে অংশ নেন জাতীয়তাবাদী নেতা, রাজনৈতিক কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। চলমান উত্তেজনার ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর আরও বড় পরিসরে বিক্ষোভের ডাক দিয়েছেন সিন্ধি জাতীয়তাবাদীরা।
এনডিটিভির বরাতে জানা যায়, রবিবারের বিক্ষোভে বক্তারা সিন্ধু প্রদেশের বর্তমান সীমানা পরিবর্তনের বিরোধিতা করেন এবং সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই বলে জানান। নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল গঠনের বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেন তারা। জনগণের সম্মতি ছাড়া প্রশাসনিক পরিবর্তন চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে সাংবিধানিক, আইনি ও গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ করার হুশিয়ারি দেওয়া হয়।
গত ৮ অক্টোবর দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনের মাধ্যমে প্রথম সেনাপ্রধান আসিম মুনিরের এমন পরিকল্পনার কথা সামনে আসে যেখানে চারটি প্রদেশকে এক ডজন বা তার বেশি প্রশাসনিক অঞ্চলে ভাগ করার কথা বলা হয়। সুশাসন নিশ্চিত করা ও প্রশাসন বিকেন্দ্রীকরণের উদ্যোগ হিসেবে এটি আসার কথা বলা হলেও এর কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। তবে বিক্ষোভকারীদের আশঙ্কা, এটি বাস্তবায়ন হলে পাকিস্তানের কেন্দ্রীয় ও প্রাদেশিক ক্ষমতার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।







