মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। মণিপুরিদের প্রধান এই ধর্মীয় অনুষ্ঠান চলবে ভোররাত পর্যন্ত।
রাস উৎসব উপলক্ষে মণিপুরি পল্লীগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দেশি-বিদেশি দর্শনার্থী এই আয়োজনে ভিড় জমিয়েছেন। মঙ্গলবার রাতে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজয় কান্তি সরকার, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, কমলগঞ্জের মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের ১৮৪তম এবং আদমপুরে মৈতৈ সম্প্রদায়ের ৪১তম রাস উৎসব পালিত হচ্ছে। ঐতিহ্যবাহী এই আয়োজনে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।







