ষষ্ঠ থেকে দ্বাদশের সব ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার

NEWSBD24LIVE
NEWSBD24LIVE
DESK Report ৩ ফলোয়ার
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৬ | ১২:৩০ ১০ ভিউ
ষষ্ঠ থেকে দ্বাদশের সব ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার

ফাইল ছবি প্রথম আলো

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ের সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় সরকারি উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী অথবা তার অভিভাবকের ব্যাংক বা মোবাইল হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। তবে যারা ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অর্থ পাচ্ছে, তাদের নতুন করে কোনো হিসাব খোলার প্রয়োজন হবে না।

গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এক নির্দেশনায় জানানো হয় যে, ছাত্রীদের সর্বজনীনভাবে উপবৃত্তির আওতায় আনা হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম পরিচালিত হবে। সরকারি উপবৃত্তির অর্থ বিতরণ করা হবে জিটুপি বা গভমেন্ট টু পারসন পদ্ধতিতে। এই পদ্ধতিতে অর্থ পেতে শিক্ষার্থী বা তার অভিভাবকের নামে অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে কিছু আলাদা শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীর বাবা অথবা মা জীবিত থাকলেই কেবল মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে মা বা বাবার মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। সেই নির্দিষ্ট ব্যক্তির নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে যাতে সিম নিবন্ধন ও হিসাবের মালিকানার তথ্যে মিল থাকে।

হিসাব খোলার সময় গ্রাহক পরিচিতি বা কেওয়াইসি ফরম যথাযথভাবে পূরণ করে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ না করলে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না বলে জানানো হয়েছে। উপবৃত্তি কার্যক্রমে কোনো সমস্যা দেখা দিলে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। পুরো বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সংশ্লিষ্ট সংবাদ:

ষষ্ঠ থেকে দ্বাদশের সব ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার
0:00 / 0:00
1x