চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের এই গ্রেপ্তার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোহসীন হোসাইনসহ অন্যান্য ফোর্সের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহন সৈয়াল, আতাউর রহমান শিমুল, ফরিদ উদ্দিন, সাখাওয়াত খান এবং আসলাম ঢালী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে মেঘনা নদীতে বালু উত্তোলন করা হচ্ছিল। উল্লেখ্য, এর আগে মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে লাখ টাকা জরিমানা করা হয়েছিল।








