চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ২১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর চুয়েটে এই অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেন এবং টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হয়েছিল।
তবে সংকটের সমাধান না হওয়ায় আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরের লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে আবারও শাটডাউন ঘোষণা করে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা ‘আমরা কী চাই? সমাধান’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
শিক্ষার্থীদের পক্ষে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সরকারের নীতিনির্ধারকদের কাছে আমাদের আবেদন, আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই এবং প্রশাসনিক সমাধান চাই। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষাকার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য এবং বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন যা নগরের কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে গিয়ে শেষ হয়।








