বুধবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না থাকায় আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়টিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। এই শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আলোচনা সভা শেষে রাত দুইটার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গিয়ে স্বাধীনতা চত্বরে শেষ হয়। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস সকল ব্যাচের সম্মতিক্রমে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর দুইটায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকাল তিনটায় উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটি।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়ার পর চুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন শুরু করেছিলেন এবং টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম চালু হয়েছিল। তবে চলমান সংকটের সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা আবারও এই কঠোর কর্মসূচি ঘোষণা করলেন।








