সিলেটের জকিগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাঁচা ইট ধ্বংস করার পাশাপাশি ভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয়।
একই অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে আরও চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে সোনাসার ব্রিকস-২-কে ১ লাখ টাকা, মেসার্স বি বি এফ বারঠাকুরী ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স মনসুর ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কালিগঞ্জ বাজার এলাকায় চার ব্যক্তিকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার জানান, পরিবেশদূষণ রোধে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।








