আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর শেরপুরের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপন করে কড়া তল্লাশি ও নিবিড় নজরদারি শুরু করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার ধোবাউড়া, হালুয়াঘাট, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রায় ৭৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তজুড়ে কঠোর টহল ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্ত দিয়ে যেন কোনো ব্যক্তি অবৈধভাবে পারাপার করতে না পারে, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।বিজিবি আরও জানায়, দেশের অভ্যন্তরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হচ্ছে।এ বিষয়ে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন,“ময়মনসিংহ ও শেরপুর জেলার ৭৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কড়া নজরদারি চালাচ্ছি।
শুক্রবার রাত থেকেই সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় অতিরিক্ত টহল কার্যক্রম শুরু করা হয়েছে, যা এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।”

