মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিত পরিসরে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে তেহরান।শনিবার (১৪ মার্চ) নয়াদিল্লিতে ব্রডকাস্টার ইন্ডিয়া টুডে’র কনক্লেভে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি। খবর জানিয়েছে আল জাজিরা।রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালি বলেন, ইরান হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে নিরাপদ যাতায়াতের সুযোগ দিয়েছে।
তবে ঠিক কতটি জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে সামুদ্রিক এই গুরুত্বপূর্ণ পথটিতে জাহাজ চলাচলের ওপর বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। সেই প্রেক্ষাপটে ভারতীয় জাহাজের জন্য সীমিত অনুমতিকে একটি বিরল ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

