মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার:
স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, শোকপ্রস্তাব উত্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে আজ বুধবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ নিহতদের স্মরণে শোকপ্রস্তাব, ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণ।সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে।
তবে আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপত্তি জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এ কারণে রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত ও তাদের মিত্র দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।গতকাল সরকারি দলের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর তাদের শপথ অনুষ্ঠিত হবে।
এরপর আইনমন্ত্রী সংসদে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন এবং পরে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। ভাষণের পর অধিবেশন মুলতবি করা হবে।স্পিকার পদে আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ড. আবদুল মঈন খান ও অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম আলোচনায় রয়েছে। ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আন্দালিব রহমান পার্থ ও মুহম্মদ নওশাদ জমিরের নাম শোনা যাচ্ছে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, এবার সংসদ অধিবেশন শুরু হবে কিছুটা ভিন্নভাবে। পুরনো স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় একটি খালি চেয়ার দিয়ে অধিবেশন শুরু হবে। এরপর একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।সংসদ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিএনপি।
৩০০ আসনের সংসদে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা বাকি আসনগুলো জয় পেয়েছেন। ১৭ ফেব্রুয়ারি দলের সংসদীয় বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয় এবং পরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

