মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
সৌদি আরবের কেন্দ্রীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এ ঘটনায় আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।আল জাজিরার দোহা প্রতিনিধি জানান, ক্ষেপণাস্ত্রটি একটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের আবাসিক ভবনে আঘাত হানে। হামলার পরপরই জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে ওই হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে এখন জানা যাচ্ছে।এদিকে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আরব লিগভুক্ত দেশগুলোর ওপর ইরান বেপরোয়া হামলা চালাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।
এর জবাবে ইরান অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি থাকা বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

