রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় সংঘটিত শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার মূল হোতা দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযানের সময় অপহৃত শিশুটিকেও জীবিত উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন মো. পারভেজ (২৭) ও কাকলী আক্তার (২৫)— যারা ভুক্তভোগী শিশুর পরিবারের সাবলেট ভাড়াটিয়া ছিলেন।কামরাঙ্গীরচর থানার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. আবু সায়েম (৪৬) তার আলীনগর এলাকার বাসায় পারভেজ দম্পতিকে সাবলেট হিসেবে ভাড়া দেন।রবিবার সকাল ১১টার দিকে পারভেজ ও কাকলী তাদের সহযোগী ২/৩ জনকে নিয়ে সায়েমের শিশু পুত্র আব্দুল হাদি নূর-কে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।এরপর আসামিরা ইমু অ্যাপের মাধ্যমে শিশুর বাবার কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রাথমিকভাবে বিকাশে ৫ হাজার টাকা নেয়।শিশুকে ফিরে পাওয়ার আশায় টাকা পরিশোধের পরও তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিতে থাকে।পরে ভুক্তভোগী সায়েম কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন।মামলার পর লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর নির্দেশে এক বিশেষ অভিযান চালানো হয়।তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে ওই দম্পতিকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

