মোঃ শাহনুর রহমান লিমন, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। তিনি বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাঘমারা গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তার পিতা মনসুর রহমান। শৈশব ও কৈশোর কেটেছে বগুড়া ও কলকাতায়।
শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত হয়ে সামরিক জীবনে প্রবেশ করেন তিনি।মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে সাহসী ভূমিকার মাধ্যমে জিয়াউর রহমান জাতির সামনে প্রথম আলোচনায় আসেন। স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিকামী মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা জুগিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের একজন প্রভাবশালী রাষ্ট্রনায়কে পরিণত হন।
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিতে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে তিনি উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির সূচনা করেন। তার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে সংসদ নির্বাচনে বিজয় অর্জন করে সরকার গঠন করে, আবার কিছু নির্বাচনে অংশ না নেওয়া বা বিরোধী দলে থাকার অভিজ্ঞতাও দলটির রয়েছে।ক্ষমতায় এসে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেন। চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে সার্ক গঠনের উদ্যোগ এবং ওআইসি শক্তিশালী করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য স্বাধীনতার পর তাকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে তিনি নিহত হন।বিএনপির দুই দিনের কর্মসূচিঃ শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
একই দিনে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।মঙ্গলবার বেলা ১১টায় কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শহীদ জিয়াউর রহমানকে স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।

