সর্বশেষ
ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহিদ হাদি হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ, শিক্ষার্থী-জনতার ঢল

Spread the love

রাহি ইসলাম, সহকারী জেলা প্রতিনিধি (মৌলভীবাজার):

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মৌলভীবাজার জেলাজুড়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করে সর্বস্তরের ছাত্র-জনতা।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর মৌলভীবাজার জেলার প্রতিটি মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মুসল্লিদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় তার আত্মার শান্তি কামনার পাশাপাশি হত্যাকারীদের বিচার চাওয়া হয়।

বিকেল ৩টা থেকে মৌলভীবাজার চৌমুহনা সড়কে ছাত্র-জনতার উদ্যোগে অবস্থান কর্মসূচি শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে ওই এলাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ঢল নামে।

পরে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা জানান, আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, লীগ ধর, জেলে ভর, হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’সহ নানা স্লোগান দেন।

বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একজন প্রতিবাদী কণ্ঠ। তাকে হত্যা করে গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখা যাবে না। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *